জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” শ্লোগানকে ধারণ করে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক ও জামালপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোনাহার হোসেন, মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার লড়াই অব্যাহত থাকবে।”





