মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটের প্রতীকে নয়, জান্নাতের পথ সৎকর্মে: জিকে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি
কোনো প্রতীক বা ভোটের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে—এমন প্রচারণার কড়া সমালোচনা করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। তিনি বলেন, “নামাজ, রোজা, দান‑খয়রাত ও সৎকর্ম ছাড়া জান্নাতের কোনো পথ নেই। কোনো মার্কার সঙ্গে জান্নাতের সম্পর্ক নেই, এমন বিশ্বাস ইমানের পরিপন্থী।”

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিকে গউছ আরও বলেন, “দুনিয়া একদিকে আর আখেরাত আরেকদিকে। আল্লাহকে রাজি-খুশি করতে হলে সৎকর্ম করতে হবে। বাঁকা পথে জান্নাতের কোনো সুযোগ নেই। যারা বলছে কোনো প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তারা মিথ্যা বলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। আল্লাহ যেন তাদের হেদায়েত দেন।”

আওয়ামী লীগ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এই দলটি দ্বিচারিতা করে। তারা মুখে এক কথা বলে, আর কাজে তার উল্টো করে। স্বাধীনতার কথা এককভাবে নিজের কৃতিত্ব হিসেবে দাবি করলেও বাস্তবে তা ছিল জাতির সম্মিলিত সংগ্রাম।”

সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মোস্তফা জামাল।
এ সময় আরও বক্তব্য দেন—জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ এবং সদস্য সচিব সফিকুর রহমান সিতু।

শেয়ার করুন