বাংলার চোখ নিউজ :
রাজধানী মোহাম্মদপুর যেন ঢাকার ভেতরে একখণ্ড ‘অপরাধের নগরী’। প্রায় প্রতিনিয়ত সেখানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। অপরাধীরা ধরাও পড়ছে। কিন্তু তাতেও কমছে না অপরাধপ্রবণতা। বরং অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে দিন দিন। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। অনেকে দিন কাটাচ্ছেন আতঙ্ক নিয়ে।
গত ২৩ অক্টোবর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই কিশোর ও এক নারীসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতাররা পথচারী, বাসের যাত্রী, রিকশার আরোহী অথবা হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীর স্বজনদের নিশানা করতেন। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা হাতিয়ে নিতেন।
গত ২১ অক্টোবর বিকেল পৌনে চারটা থেকে চারটার মধ্যে মোহাম্মদপুর এলাকায় চাপাতি দেখিয়ে এক যুবকের কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার যুবক মাসফিকুর রহমান অস্ট্রিয়ায় পড়ালেখা করেন। তার স্ত্রী আয়েশা নিগার মিথিলা ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এ ঘটনার পর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, ৪ সলিমুল্লাহ রোডের ৭ নম্বর বাসার সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এসময় চার যুবক একটি অটোরিকশায় করে এসে চাপাতি দেখিয়ে ওই যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় আশপাশের লোকজন এগিয়ে এলে চাপাতি দেখিয়ে তাদের ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইকারীরা। পরে তারা অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গত ১৫ অক্টোবর রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয় বলে জানা যায়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুরের পাটালি ও সাব্বির গ্রুপের মধ্যে বিরোধের জেরে গোলাগুলির এ ঘটনা ঘটে। অধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা বেশ কয়েকদিন ধরেই চলে আসছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।
বছরের পর বছর ধরে চলতে থাকা এসব অপরাধ নিয়ন্ত্রণে অনেকটাই হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানকার দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভাষ্য, অপরাধপ্রবণ এলাকা বিবেচনায় মোহাম্মদপুরে তাদের জনবল সংকট রয়েছে। এছাড়াও নানান সীমাবদ্ধতার মধ্যে তাদের এসব পরিস্থিতি সামলাতে হচ্ছে। শুধু মোহাম্মদপুরেই নয়, পুরো বাহিনীতেই এখন জনবল সংকট রয়েছে বলে মনে করছেন তারা।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা জাগো নিউজকে বলেন, মোহাম্মদপুর এমনিতেই অনেক অপরাধপ্রবণ এলাকা। সেখানে বাড়তি জনবল প্রয়োজন। অথচ সেখানে অপরাধ নিয়ন্ত্রণে সবচেয়ে বাজে ও মানসিকভাবে ভঙ্গুর অবস্থায় থাকা পুলিশ সদস্যদের নিয়ে আমরা কাজ শুরু করেছি। মোহাম্মদপুর থানায় এমন পুলিশ সদস্যও কর্মরত আছেন যিনি প্রথমবার ঢাকায় ডিউটি করছেন। যিনি এসেই হয়তো মোহাম্মদপুরে পোস্টিং পেয়েছেন।
‘মোহাম্মদপুর কোনো সময়ই অপরাধমুক্ত ছিল না। আওয়ামী লীগ আমলের দাপুটে পুলিশের সময়ও মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতির অবনতি ছিল। আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করছি।’ এডিসি জুয়েল রানা বলেন, চাইলেই মোহাম্মদপুর অপরাধশূন্য করে ফেলা সম্ভব নয়। থানা জ্বালিয়ে দেওয়া, থানার অস্ত্র লুটপাট, থানা ঘেরাও—পুলিশকে এমন একটি পরিস্থিতি পার করে আসতে হয়েছে। তারপরও আমাদের যতটুকু সামর্থ্য আমরা তারচেয়েও বেশি চেষ্টা করছি। বাহিনীতে জনবল সংকট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ার পেছনে জনবল সংকটও একটি বড় কারণ। থানায় পর্যাপ্ত সংখ্যা পুলিশ সদস্য নেই। যারা আছেন তারা সাধ্যমত চেষ্টা করছেন।
‘বর্তমানে মোহাম্মদপুর থানায় জনবল আনুমানিক ১৬৫ জন। আদাবর থানায় আনুমানিক ৯৫ জন। এই জনবল নিয়ে ভাঙা গাড়ি নিয়ে টহল করতে হচ্ছে। বেসরকারি গাড়িতে সরকারি দায়িত্ব পালন করতে হচ্ছে মোহাম্মদপুর থানা পুলিশের। এছাড়াও যে স্বল্প সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন তারাও যথাযথ আবাসন সুবিধা পাচ্ছেন না’—যোগ করেন তিনি।আদাবর এলাকার অপরাধ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইসলাম বলেন, প্রথমত যারা অপরাধ করছে তাদের অধিকাংশ কিশোর। কিশোরদের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার শক্ত ব্যবস্থাপনা নেই।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে অপরাধী একটি নির্ধারিত সময় পর জামিনে মুক্ত হয়ে যান। একজন জেলহাজতে থাকাকালে তার জায়গায় অন্য কেউ অপরাধ করছেন। বলা যায়, একজনের হাল অন্যজন ধরছেন। তাকেও আইনের আওতায় আনার আগেই জেলহাজতে থাকা ব্যক্তি জামিনে বের হয়ে আসছেন। তারপর আবারও একই ভাবে অপরাধে জড়াচ্ছেন।
ওসি জাহিদ ইসলাম বলেন, কোনো মামলায় ছয় মাস আগে যে অপরাধী জেগে গেছেন আজ হয়তো তিনি বের হয়ে আসছেন। আবার এখন যিনি যাবেন, উনিও ছয় মাস পর বের হয়ে আসবেন। তার মানে ছয় মাস হোক কিংবা তিন মাস- অপরাধের এ চক্র চলছে নিজস্ব গতিতেই।
‘আইনে যেহেতু জামিনের বিধান আছে, জামিন পাওয়া যেহেতু অধিকার, সেক্ষেত্রে বলার কিছু নেই। আমরা যেমন কাউকে সারাজীবন আটকে রাখতে পারছি না, আবার সাজাভোগের পরও কেউ সংশোধন হচ্ছে না। একজন গ্রেফতার হয়ে কারাগারে আসে, অন্যজন বের হয়ে যায়। অপরাধের মাঠ তো ফাঁকা নেই।’
তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে জনবল বাড়ানোর পাশাপাশি লজিস্টিক সাপোর্টও বাড়াতে হবে। তখন অপরাধ নিয়ন্ত্রণ আরেকটু সহজ হবে।
পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এসে মোহাম্মদপুরে অপরাধীরা অপরাধ সংঘটিত করছে জানিয়ে জাহিদ ইসলাম বলেন, অপরাধীরা বেরিবাঁধ দিয়ে কেরানীগঞ্জ ও আমিনবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মোহাম্মদপুরে এসে বিভিন্ন অপরাধ করে পালিয়ে যাচ্ছে। আমরা মোহাম্মদপুরে এমন অপরাধীও গ্রেফতার করেছি, যে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে এসে ক্রাইম করে। ক্রাইম করতে সময় লাগে সর্বোচ্চ দুই-তিন মিনিট। দুই-তিন মিনিটের মধ্যে আবার তারা বাইক টান দিয়ে চলে যায়।
এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমকে একাধিকবার ফোনকল করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়াও বিভিন্ন সময়ে তথ্যের প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অনেক সময়ই তাকে পাওয়া সম্ভব হয়নি।
মোহাম্মদপুর কেন এত অপরাধপ্রবণ এলাকা? পুলিশ বলছে, সেখানে অপরাধীদের অবাধ বিচরণ ও নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ার প্রধান কারণ নিম্নবিত্তের বসবাস। আশপাশের এলাকা থেকেও সেখানে গিয়ে অনেকে অপরাধ সংঘটিত করে পালিয়ে যায়। এটিও একটি বড় কারণ।
নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য বলেন, সেখানে স্থানীয় প্রভাবশালীদের কিছু প্লট আছে। প্লট মালিকরা ফাঁকা প্লটে বস্তি বানিয়ে ভাড়া দিয়েছেন। এসব প্লটের মালিকেরা ঢাকার লালমাটিয়া, ধানমন্ডি বা গুলশানের মতো এলাকায় থাকেন। তারা শুধু বস্তির প্লট থেকে ভাড়া তোলেন।
পুলিশ সদস্যদের ভাষ্য, এসব বস্তি এলাকায় প্রভাবশালীদের ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়। ভাড়াটাও তাদের মাধ্যমেই তোলা হয়। বস্তিবাসীরা কী করে মালিক কখনো সেই খবর রাখেন না। ফলে অপরাধীদের বস্তিতে থেকে অপরাধ করার একটা সুযোগ তৈরি হয়। গত ১২ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে গিয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান জোরদারের ঘোষণা দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, শুধু পুলিশের পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। এজন্য নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। জনতার প্রতিরোধ কিন্তু সবচেয়ে বড় শক্তি। এটা শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে উদাহরণ রয়েছে।
মোহাম্মদপুরের মাদকের বিভিন্ন স্পট ও কিশোর গ্যাংয়ের আস্তানার তালিকা পুলিশের কাছে রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। প্রতিটি স্পট ও আস্তানায় অভিযান জোরদার করা হবে। রিকশা ও অটোরিকশার গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, অটোরিকশার গ্যারেজের ভেতরে রাতে যাকেই পাওয়া যাবে, তাকেই অ্যারেস্ট করতে হবে।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিএমপি একসঙ্গে কাজ করবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের সহযোগিতায় প্রতিদিন অভিযান চালানো হবে এবং শিগগির মোহাম্মদপুরকে কিশোর গ্যাংমুক্ত করার চেষ্টা করা হবে।
প্রয়োজনে ছিনতাকারীদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগের কথা জানিয়ে তিনি বলেন, ছিনতাইকারীর হাতে ছুরি, আগ্নেয়াস্ত্র, চাপাতি বা অন্য কোনো দেশীয় অস্ত্র থাকলে এবং তা দিয়ে কারো ওপর হামলা বা ছিনতাইয়ের চেষ্টা করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনগতভাবে অস্ত্র প্রয়োগ করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বিশ্বের অনেক বড় শহরের তুলনায় জনসংখ্যার অনুপাত হিসাবে ঢাকা শহরে পুলিশ সদস্যের সংখ্যা খুবই নগণ্য। আর এই সীমিত জনবল দিয়ে ঢাকার মতো একটি নগরীর অপরাধ নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকটাই নাজেহাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্য বলছে, বর্তমানে ডিএমপির আওতাধীন ১৬০০ বর্গকিলোমিটার এলাকার ৩ কোটির বেশি মানুষের ঢাকার ৫০টি থানা এলাকায় মোট কর্মরত পুলিশ সদস্যের সংখ্যা ৩৪ হাজার।
তুলনামূলক চিত্রে দেখা যায়, দিল্লি মেট্রোপলিটনের ১৪৮৪ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ মানুষের বাস। সেখানে ১৭৯টির বেশি থানায় দায়িত্বে রয়েছেন ৯২ হাজার ৪৪ জন পুলিশ। ৫৩০ বর্গ কিলোমিটার এলাকার কলকাতা মেট্রোপলিটন পুলিশে ৯১টি থানা এলাকায় ৬৫ লাখ মানুষের জন্য ৩৭ হাজার পুলিশ সদস্য রয়েছে। ৯০৬ বর্গ কিলোমিটারের ইসলামাবাদ সিটি পুলিশের ৩২টি থানা এলাকায় ২৫ লাখ মানুষের নিরাপত্তায় রয়েছে ১২ হাজার ৬২৫ জন পুলিশ সদস্য।
এছাড়া মুম্বাইয়ে ৬০৩ বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী প্রায় ২ কোটি মানুষের নিরাপত্তায় ৯৪টি থানা এলাকায় দায়িত্ব পালন করছেন মুম্বাই মেট্রোপলিটন পুলিশের ৫০ হাজার ৬৭৬ জন সদস্য। প্রায় ৯০ লাখ বসবাসকারীর ১২২৩ বর্গ কিলোমিটারের ৭৮টি থানা এলাকার নিরাপত্তায় কাজ করছে ৪৮ হাজার ৯৬৭ জন নিউইয়র্ক সিটি পুলিশ।
প্রায় ১ কোটি মানুষের শহর লন্ডনে ১৫৭৮ বর্গ কিলোমিটার এলাকার ৩৬টি থানায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের সদস্য সংখ্যা ৪৬ হাজার। আর ৪১১৪ বর্গ কিলোমিটারের ৪০ লাখ মানুষের শহর দুবাইয়ে ৪৫টি থানা এলাকার দায়িত্বে কাজ করছে দুবাই পুলিশের ৩০ হাজারেরও বেশি সদস্য।
ফলে অন্য শহরগুলোর তুলনায় স্বল্প সংখ্যক জনবল নিয়ে বিশাল আয়তনের ঢাকা শহরের অপরাধ নিয়ন্ত্রণে অনেকটা হিমশিম খাচ্ছে পুলিশ বাহিনী। এমন অভিযোগ খোদ বাহিনীর সদস্যদের।
তবে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে এএসপি পদ ৫০০, এসআই (নিরস্ত্র) ৪ হাজার এবং ১০ হাজার কনস্টেবলের কথা জানিয়েছেন তিনি।
এর আগে গত ২৮ এপ্রিল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি। নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে। এর মধ্যে এএসপি পদ ৫০০, এসআই (নিরস্ত্র) ৪ হাজার এবং ১০ হাজার কনস্টেবল।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি কনস্টেবলের শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরাসরি ২ হাজার এএসআই নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।





