বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি চাকরিতে শূন্য পদে নিয়োগে তথ্য চাইল জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি চাকরিতে শূন্য পদে নিয়োগে তথ্য চাইল জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্য পদগুলো পূরণের উদ্যোগ জোরদার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে নির্ধারিত ছক অনুযায়ী শূন্য পদের তথ্য দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহারে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে এরইমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকা শূন্য পদের তথ্য জরুরি ভিত্তিতে প্রয়োজন। এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য পদ এবং সরাসরি নিয়োগযোগ্য পদ, উভয় ধরনের তথ্যই চাওয়া হয়েছে।

 

চিঠিতে আরো বলা হয়, এ অবস্থায় ছক মোতাবেক এ বিষয়ে প্রতিবেদন পত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ admincord@mopa.gov.bd ঠিকানায়/ডিনথিতে) প্রেরণ, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে প্রেরণ এবং এ প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে প্রেরণ (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিত করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ খালি রয়েছে।

এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজারের বেশি শূন্য পদ রয়েছে।

শেয়ার করুন