অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ পদে তিনি সরকারের সচিব সমমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।





