রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে, সেটি গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ৷ তিনি বলেন, শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না আপনার আশেপাশে সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুলের কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এএমএম নাসির উদ্দিন বলেন, ২০২৬ সালের সবচেয়ে বড় নির্বাচন বাংলাদেশের এ নির্বাচন। গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ গণতন্ত্রের পথেই এগোবে। আমরা কারও পক্ষে বা বিপক্ষে নই। আমরা শুধু একটি সুন্দর নির্বাচনি পরিবেশ সৃষ্টিতে কাজ করেছি। কেন্দ্র দখল, ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে।

সিইসি বলেন, বুধবার আমি দেশের অনেক জেলা প্রশাসক, এসপিদের সঙ্গে কথা বলেছি। তাদের আমি বলেছি- কারও পক্ষে কাজ করতে পারবেন না। অবশ্যই নিরপেক্ষ থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান আমাকে রাখতে হবে। আমি সেই চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও এবং এআই জেনারেটেড ছবি একটা বড় চ্যালেঞ্জ। সবগুলো চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোর অনেক কিছুই সীমান্তের ওপার থেকে হয়। ফলে আমরা মেইনস্ট্রিম মিডিয়ার ওপর ভরসা করি। আশা করি জনগনও সত্য মিথ্যা যাচাই করে তথ্য শেয়ার দেবে।

সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, এসবের বেশিরভাগই দেশের বাইরে থেকে ছড়ানো হচ্ছে।

সিইসি বলেন, দেশের বিভিন্ন জায়গায় মানুষ উৎসবের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন এবং নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে।

এখন পর্যন্ত সার্বিক পরিবেশ ভালো রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে – ঢাকা ৮ আসনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং  নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন৷

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনি লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন