আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে জাপান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চার সদস্যের একটি মিশন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে এই মিশনে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে জাপান দূতাবাসের কর্মকর্তা এবং একজন বিশেষজ্ঞ থাকবেন।
জাপান সরকার বলছে, ভোট গণনা পর্যবেক্ষণের সঙ্গে এ মিশন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন ও অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত এবং তথ্য বিনিময় করবে।
আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রেক্ষিতে জাপান পর্যবেক্ষক পাঠাবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।





