অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। একই সঙ্গে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
বিদেশি অতিথিরা প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তারা এই শোকের সময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকার বার্তাও দেন।
বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠে এবং তিনি সংকটময় সময় পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।





