রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই তিনজনকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাদের সেই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল।

এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকস চৌধুরী। স্বাস্থ্যের দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। এম আমিনুল ইসলাম কয়েক মাস আগে পদত্যাগ করেছেন। এখন খোদা বকস চৌধুরীও পদত্যাগ করেছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

শেয়ার করুন