সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হত্যার আসামিদের অবস্থান নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম। যদি আমাদের ওইরকম খবর থাকতো, ধরেই ফেলতাম। কোথায় আছে? দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু আমরা সঠিক স্থান জানলে ধরে ফেলতাম।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানান, হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ফয়সালের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েছে।

এদিকে নিজের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সংক্ষেপে বলেন, ‘যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।’

শেয়ার করুন