সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

বাংলাদেশে কথিত নৈরাজ্য এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সোমবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কংগ্রেস, নাস্তিক মঞ্চ এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে অংশ নেন।

দুপুরে জাতীয় কংগ্রেসের মিছিল পার্ক সার্কাস থেকে শুরু হয়ে উপহাইকমিশনের দিকে এগোতে চাইলে পুলিশ মিছিলটি আটকে দেয়। মিছিলকারীরা সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেয়। পরে কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল—তারক পাল, মানস সরকার, কৃষ্ণা দেবনাথ, তপন আগরওয়াল এবং আজমল খান—উপহাইকমিশনে গিয়ে লিখিত প্রতিবাদ জানায়।

এর আগে নাস্তিক মঞ্চের পক্ষ থেকেও দুই সদস্যের একটি দল—সাধন বিশ্বাস ও তপন দত্ত—উপহাইকমিশনে প্রতিবাদে উপস্থিত হন।

বিকেলে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন নিজাম প্যালেস থেকে মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে যাচ্ছিলেন। পুলিশ তাদের বেকবাগান মোড়ে আটকায়। মিছিলের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বাংলাদেশের হিন্দুরা আমাদের আত্মীয়। তাদের ওপর হামলা ও নির্যাতন আমরা মেনে নেব না। এ হামলা বন্ধ করতে হবে। প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যও স্থগিত করতে বাধ্য হব।”

শুভেন্দু অধিকারী আরও জানান, আগামী ২৬ ডিসেম্বর ফের কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের সামনে তারা প্রতিবাদ অভিযান চালাবেন।

শেয়ার করুন