রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ ভবনে ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ওসমান হাদির লাশ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে গোসল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর মরদেহ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় সংসদ এলাকার দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। এলাকাজুড়ে লাখো মানুষ সমবেত হয়ে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছে। সময় যত এগোচ্ছে, মানুষের উপস্থিতি ততই বাড়ছে।

খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা ও মুখে স্লোগান নিয়ে আগত এই বিশাল জনস্রোত নিয়ন্ত্রণ করতে এবং ১৬টি প্রবেশপথের মাধ্যমে মানুষকে ভিতরে প্রবেশ করাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কষ্টসাধ্য পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

এর আগে, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য তা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়।

এদিন ভোর থেকেই হাসপাতালে দূরদূরান্ত থেকে মানুষ সমবেত হয়ে হাদিকে শেষবারের মতো দেখার জন্য আসছিল। দেশের বিভিন্ন স্থানে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হওয়ার পর পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন