চারটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরের মহাপরিচালক বদল এবং এক গ্রেড-১ পদোন্নতি ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৫ ডিসেম্বর) রাতে স্বতন্ত্র প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ এবং পদোন্নতির তথ্য নিশ্চিত করেছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান। তিনি আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। এই নিয়োগের মাধ্যমে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়েছে।
অপরদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক এ কে এম অলি উল্যা। নতুন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির এমডিএস এ বি এম মাহবুব আলম। অলি উল্যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং মাহবুব আলম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে দায়িত্ব পালন করবেন।
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন। তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়েছে।
এছাড়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সিদ্দিকুর রহমানকে গ্রেড-১ পদে উন্নীত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।





