সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাখাইনের হাসপাতাল হামলায় বাংলাদেশের নিন্দা

বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি সংঘটিত বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি দেশটি রাখাইনে সহিংসতার বাড়বাড়ন্ত ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। খবর অনুযায়ী, গত বুধবার রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে বিমান হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসক প্রাণ হারান এবং ৮০ জনের বেশি ব্যক্তি আহত হন। হামলাটি মারাউক-ইউ শহরের জেনারেল হাসপাতালে সংঘটিত হয়।

এ ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির জান্তা সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

বিবৃতিতে বাংলাদেশ সব বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছে এবং রোহিঙ্গা ও রাখাইনসহ সকল সম্প্রদায়কে সহিংসতা থেকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন