ছবি: ফাতিমা তাসনিম জুমার ফেসবুক থেকে নেওয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তিনজন ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির একটি ছবি পোস্ট করে তিনি এই আহ্বান জানান।
পোস্ট করা ছবিতে আরও কয়েকজনকে দেখা যায়, যাদের মধ্যে তিনজনকে আলাদাভাবে চিহ্নিত করে দেন জুমা। ক্যাপশনে তিনি লেখেন, “এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন। প্রশাসন কোথায় আমাদের আপডেট দেবে, তা না করে উলটো আমাদের কাছেই আপডেট চাইতেছে।”
এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা দাবি করেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণে জড়িত ব্যক্তিরা প্রায় দুই সপ্তাহ আগে তার নির্বাচনি প্রচারণা টিমে যুক্ত হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে আসা দুজনের মধ্যে একজন গুলি চালায়।
ওসামা আরও বলেন, ওই দুই ব্যক্তি মাঝখানে কয়েকদিন প্রচারণায় দেখা যায়নি। পরে আবার কয়েকদিন আগে তারা ফিরে এসে প্রচারণার কাজে যুক্ত হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।





