সংগৃহীত ছবি
আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার জানান, রাষ্ট্রীয় কর্মসূচি নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো বিলম্ব থাকা চলবে না। তিনি বলেন, “সকলকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় রাখতে হবে। ডিএমপি দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।”
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “সবার সহযোগিতায় দিবস দুটি নির্বিঘ্নে উদযাপিত হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ভুয়া সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে দিতে পারি না।”
সমন্বয় সভার শুরুতে যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ আসন্ন দিবস দুটি উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ কমিশনাররা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) ওসমান গনি, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।





