সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং কন্যা এস. আরমিন রাখীর ৫৭টি ব্যাংক হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে। এই হিসাবগুলিতে বর্তমানে ২ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৩৫৬ টাকা রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে আবেদনটি করেন উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।
আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানের সময় দেখা গেছে যে জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী এবং কন্যার নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মধ্যে প্রায় ১৭.৫৫ কোটি টাকা জমা এবং ১৪.৬২ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
তদন্তে ধারণা করা হচ্ছে, এসব অর্থ বৈধ উৎস থেকে অর্জিত নয় এবং দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অবৈধ অর্থ লুকানোর জন্য এ লেনদেন করা হয়েছে। এটি মানিলন্ডারিংয়ের চিহ্ন হিসেবে ধরা হচ্ছে।
এছাড়া তাদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর বা ক্ষয় করা হওয়ার চেষ্টা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে।





