রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার পেল সুনামগঞ্জের শুভমিতা

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ জেলার শুভমিতা তালুকদার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলার প্রেয়সী চক্রবর্তী। দুই বিজয়ীকে তিন লাখ টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। শিশুরা এমন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের চিনতে শেখে, আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়।”

তিনি আরও বলেন, “আজকের এই অর্জন শুধু অংশগ্রহণকারী নয়, দেশের প্রতিটি পরিবারের জন্য আনন্দের। প্রতিটি শিশুর ছোট্ট সাফল্যও একেকটি অনুপ্রেরণার মাইলফলক।”

অধ্যাপক ইউনূস প্রতিযোগিতাটির আয়োজক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা ঐতিহ্যবাহী এই আয়োজনকে নতুন করে প্রাণবন্ত করে তুলেছেন। তিনি প্রতিযোগিতার পরিধি বাড়িয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ফ্যাশন ডিজাইন, লেখালেখি, উদ্যোক্তা উন্নয়ন ও ক্রীড়ার মতো ক্ষেত্রেও এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত— কোনো শিশুই যেন পিছিয়ে না থাকে। প্রতিটি শিশুর মধ্যেই বিশেষ কিছু আছে, সেটি আনন্দ ও আত্ম-আবিষ্কারের মাধ্যমে বের করে আনতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

শেয়ার করুন