সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ মাস কর্মস্থলে অনুপস্থিত অতিরিক্ত এসপি শাহ নূর বরখাস্ত

কর্মস্থলে টানা ১৪ মাস ধরে অনুপস্থিত থাকার অভিযোগে অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্তের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে দায়িত্ব পালনকালে এবং বর্তমানে অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত অবস্থায় মো. শাহ নূর আলম পাটওয়ারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত বছরের ১৯ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এ বিষয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার এই অনুপস্থিতি অসদাচরণ ও পলায়নজনিত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। ফলে তিনি যেদিন থেকে অনুপস্থিত, সেদিন থেকেই তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন।

এদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ৩০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে বরখাস্ত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ প্রশাসনের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপকে কঠোর বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন