ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা নতুন জাতীয় পে স্কেলে মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। জাতীয় বেতন কমিশনের সভাপতির কাছে ইতোমধ্যে এ প্রস্তাবনা হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পে প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নতুন কাঠামোয় ২০টি গ্রেডের বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ৭ম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল ২০০৯ সালের ১ জুলাই, ৮ম পে স্কেল ২০১৫ সালের ১ জুলাই, যেখানে মূল বেতন প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর ১০ বছর কেটে গেলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি।
প্রস্তাবিত নতুন কাঠামোয় ১ম গ্রেডে মূল বেতন ৭৮,০০০ থেকে বেড়ে ৯৪,৪০০ টাকা হবে। ২০তম গ্রেডের বেতন ৮,২৫০–২০,০১০ থেকে বেড়ে ৯,৯৮৩–২৪,২১২ টাকা হবে। প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধির বিস্তারিতও প্রস্তাবনায় প্রকাশ করা হয়েছে।
অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীদের বেতন অনেক পিছিয়ে আছে। প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে।’
জাতীয় বেতন কমিশন গত ২৭ জুলাই গঠিত হয়। চূড়ান্ত প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে এবং তা আগামী বছরের শুরু থেকেই কার্যকর হওয়ার আশা করা যাচ্ছে।





