ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও সম্পন্ন হবে।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করার কথা থাকলেও কিছু সংশোধনের প্রস্তাব পাওয়ায় তা করা হয়নি। তবে সব সংশোধন শেষে তালিকা চূড়ান্ত হয়েছে এবং সোমবার সকালের মধ্যে ব্রিফিং করা হবে।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন,
“দল নিবন্ধনের বিষয়ে মাঠপর্যায় থেকে কিছু বাড়তি তথ্য এসেছে, তা যাচাই ও পর্যালোচনা চলছে। চলতি সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হবে। আমাদের দায়িত্ব অনুযায়ী বিষয়টি যথাযথভাবে সম্পন্ন করতে হবে।”
তিনি আরও জানান, পরিস্থিতির প্রেক্ষিতে কিছু কিছু স্থানে সমন্বয় করতে হয়। তাই নির্দিষ্ট দিনক্ষণ মেপে সব কাজ করা সবসময় সম্ভব নয়, তবে পরিকল্পনা অনুযায়ী সবকিছু শতভাগ সম্পন্ন করার প্রচেষ্টা চলছে।





