সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিজিকে নিয়ে দুদকে কোনো তদন্ত নেই: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সাবেক ও বর্তমান ৯ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)—সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনকে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছে বিজিবি।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিজিবি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিবেদনটি ব্যাখ্যা করেছে।

বিজিবি জানিয়েছে, Dhakatruth.com নামক অনলাইন পোর্টালে ‘বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বিজিবির বর্তমান ডিজি সম্পর্কে সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট তথ্য দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিজিবি জানিয়েছে, এ ধরনের সংবাদ প্রকাশের পর প্রাথমিকভাবে দুদকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বিজিবির বর্তমান মহাপরিচালকের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে না। এছাড়া অন্যান্য অভিযোগও কোনো বৈধ প্রেক্ষাপটে নয় বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং বানোয়াটভাবে তৈরি করা হয়েছে। বিজিবি জানিয়েছে, বর্তমান ডিজি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না।

বিজিবি আরও উল্লেখ করেছে, এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং বিজিবির মতো স্বনামধন্য বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা হিসেবে দেখা দিচ্ছে। ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং জাতীয় স্বার্থের পরিপন্থী তথ্যবিকৃতি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন