আগামী শুক্র-শনিবার হজরত শাহজালাল বিমানবন্দরের শুল্কায়ন চলবে পুরোদমে
ঢাকা প্রতিনিধি
আগামী শুক্রবার ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরো শক্তি নিয়ে চালানো হবে। ঢাকা কাস্টমস হাউসের সকল শুল্ক দলের অফিসও এই দুই দিন খোলা থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই আদেশ দিয়েছে। এর আগে ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলেছে।
এনবিআর জানায়, ঢাকা কাস্টমস হাউসের শুল্কায়ন দলসহ সংশ্লিষ্ট এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিট দুর্যোগ পরবর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে শুক্রবার ও শনিবার অফিস খোলা রাখবে। অফিসে সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আগুনের কারণে কার্গো ভিলেজের কুরিয়ার সেবা ও আমদানির ব্যাপক ক্ষতি ঘটেছে। অনেক আমদানিকারকের পণ্য নষ্ট হওয়ার ফলে স্বাভাবিক আমদানি কার্যক্রম পুনরায় সচল রাখতে এনবিআর ছুটির দিনেও শুল্কায়ন দলের পূর্ণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।





