সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অপ্রচলিত বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি, দ্বিগুণ হয়েছে তুরস্কে

বাংলার চোখ নিউজ :

চলতি অর্থবছরের প্রথম চার মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। একই সঙ্গে নতুন ও অপ্রচলিত বাজারে বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি।

আগের অর্থবছরের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। পণ্যের বৈচিত্র্য আনা ও ম্যানমেড ফাইবারের তৈরি পণ্যের চাহিদা বাড়ায় তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়ার মতো বাজারে পোশাক রপ্তানি নতুন সম্ভাবনা তৈরি করেছে।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও তৈরি পোশাক রপ্তানি এবং প্রস্তুতকারক সমিতির (বিজেএমইএ) তথ্য অনুযায়ী, চলতি (২০২৬-২০২৭) অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের জাপানে ৫১০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ২ দশমিক ৯৯ শতাংশ। জাপানে রপ্তানি করা পণ্যের মধ্যে শীর্ষে রয়েছে তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম চার মাসে জাপানে পোশাক রপ্তানি হয়েছে ৪৩৭ দশমিক ৩০ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪২৭ দশমিক ০৫ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় জাপানে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪০ শতাংশ।

জাপানের মতো তুরস্কেও রপ্তানি পণ্যের শীর্ষে রয়েছে তৈরি পোশাক। ২০২৬-২৭ অর্থ-বছরের জুলাই-অক্টোবর সময়ের তুরস্কে ২৯২ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা এই সময়ের মোট রপ্তানির ১ দশমিক ৭১ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত তুরস্কে পোশাক রপ্তানি হয়েছে ২০৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯৯ দশমিক ৭১ মিলিয়ন ডলার। অর্থাৎ, প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ। একইভাবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে অস্ট্রেলিয়ায় ৩০৫ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা এই সময়ে মোট রপ্তানি আয়ের ১ দশমিক ৭৯ শতাংশ। অস্ট্রেলিয়ায়ও রপ্তানি পণ্যের তালিকায় ওপরে রয়েছে তৈরি পোশাক। এই সময়ে অস্ট্রেলিয়ায় তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২৬৪ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২৫৬ দশমিক ৩২ মিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ।

অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের তৈরি পোশাক শিল্প। তাই বিভিন্ন দেশের সঙ্গে ইপিএ (অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি) ও এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) বাড়াতে সরকারকে এগিয়ে আসার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।

নতুন ও অপ্রচলিত বাজারে রপ্তানি সম্প্রসারণ করা গেলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত খাত সংশ্লিষ্টদের।দেশের শীর্ষ তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর জাগো নিউজকে বলেন, ‘ইতোমধ্যে জাপানের সঙ্গে ইপিএ হয়েছে। প্রি ট্রেড এগ্রিমেন্ট, স্পেশাল এগ্রিমেন্টগুলো নিয়ে সরকার কাজ করছে। নতুন নতুন বাজার তৈরি ও পুরোনো বাজার ধরে রাখতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের মেজর মার্কেটগুলোতে প্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। এগুলো রপ্তানি প্রবৃদ্ধির পূর্বশর্ত।’

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, নিট পোশাক খাতে ২০২৬-২৭ অর্থ-বছরের জুলাই-অক্টোবর সময়ের রপ্তানি আয় হয়েছে ৭ হাজার ৭২৯ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল ৭ হাজার ২৩৭ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার। এতে নিট পোশাক খাতে বছরের ব্যবধানে একই সময়ে রপ্তানি বেড়েছে ৪৯১ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

একইভাবে ওভেন পোশাক খাতে ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের রপ্তানি আয় ছিল ৬ হাজার ০১৭ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৫ হাজার ৭৫২ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। এতে বছরের ব্যবধানে একই সময়ে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ২৬৪ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের।

শেয়ার করুন