২৪৮। আধুনিক ওয়ানডে ক্রিকেটে এই রান সহজেই অতিক্রমযোগ্য। তবে মিরপুরের হিসেবটাই আলাদা। এই মাঠে শেষে ব্যাট করে বাংলাদেশের জেতার নজিরই আছে মোটে ২৫টি, ২৪০ এর বেশি রান করে জেতার কীর্তি মোটে ৩ বার, এর মধ্যে একবারও শেষ ১০ বছরে নেই। যে কীর্তি গড়ার অভ্যাস এই দলের কারো নেই, সেটাই করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
আজ টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করে দলটা ৮ উইকেট খুইয়ে তুলেছে ২৪৭ রান। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৮ রানের।
কিউইদের হয়ে সর্বোচ্চ রান তুলেছেন হেনরি নিকলস। তার ৮৩ বলে ৬৮ রানের লড়াকু ইনিংসই নিউজিল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেয়।
শুরুর দিকে যেমন নিকলস, শেষে নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছে ডিন ফক্সক্রফটের ব্যাট। তিনি পেয়েছেন ফিফটির দেখা। ৫৮ বলে তার ৫৯ রানের ইনিংস শেষ হয় নাহিদ রানার শিকার হয়ে, ৪৭তম ওভারে, ততক্ষণে ভালো পুঁজি পেয়ে গেছে কিউইরা।
বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন শরিফুল ইসলাম। ১৬ মাস পর ফিরে ২৭ রানে তিনি নিয়েছেন ২ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।
সময় যত গড়িয়েছে, বল নিচু হয়ে এসেছে ব্যাটে। ফলে বাংলাদেশের জন্য কাজটা বেশ কঠিনই হতে চলেছে আজ।




