বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক স্বাভাবিক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব এবং এ বিষয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। শনিবার মুন্সিগঞ্জে সরকারি দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনও বিষয় নেই।” তিনি আরও বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয়।
ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন বলেন, এ ধরনের বিষয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। তিনি জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। জড়িতরা ভারতে অবস্থান করছে—এমন তথ্য পাওয়া গেলেও তারা ঠিক কোথায় আছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। অবস্থান শনাক্ত করা গেলে ভারত সরকারকে তাদের গ্রেপ্তারের বিষয়ে জানানো হতো।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বিচার সময় বেঁধে হয় না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যতদ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।”
কর্মসূচিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





