শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে বেগম খালেদা জিয়ার মরদেহ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে তার কফিনবাহী গাড়ি সেখানে এসে পৌঁছায়।

মরদেহ পৌঁছানোর সময় মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা নেতা-কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে ভারী হয়ে ওঠে। শোক আর শ্রদ্ধায় নীরব হয়ে পড়ে পুরো পরিবেশ।

এ সময় জানাজাস্থলে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি,তিন বাহিনীর প্রধান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা সবাই প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বেগম খালেদা জিয়ার কফিনবাহী গাড়ির সঙ্গে ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত ছিলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের শেষ বিদায়ে তাকে শোকাহত অবস্থায় দেখা যায়।

বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শেয়ার করুন