বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন প্রদান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি জানাজাস্থলে উপস্থিত হন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামতে দেখা যায়।
বাদ জোহর দুপুর জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।





