বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার আশেপাশে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নামে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বৃদ্ধি পাচ্ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়। দুপুর ২টায় সেখানে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ করা হয়েছে, যাতে মিরপুর সড়ক ব্যবহার করে কোনো গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ না করে।
সরেজমিন দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রধান প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্পভাবে কয়েকটি পথ উন্মুক্ত রাখা হয়েছে। খামার বাড়ি এবং বিজয় সরণি এলাকায় বিশেষ পথ খোলা আছে, যাতে মানুষ এসব পথ দিয়ে জানাজায় অংশ নিতে পারেন।
সকালের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জানাজায় অংশ নিচ্ছেন। কেউ হাতে জাতীয় পতাকা বহন করছেন, আবার কেউ হাতে কালো পতাকা নিয়ে উপস্থিত রয়েছেন।
চট্টগ্রাম থেকে আসা আবুল কালাম বলেন, “আমরা আমাদের নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে চট্টগ্রাম থেকে এসেছি। তার জীবন ছিল লড়াই আর আপসহীন। মৃত্যুর মুহূর্তেও তিনি আপস করেননি। আমরা গর্বিত যে আমরা খালেদা জিয়ার কর্মী। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।”
এছাড়া যশোর থেকে আসা কবির খান বলেন, “আজ লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশগ্রহণ করছেন। বেগম জিয়া মানুষের মনে জীবন্ত রয়েছেন। চিরকাল তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে থাকবেন।”





