সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে পৌঁছেছে। মরদেহটি লাল-সবুজ রঙের জাতীয় পতকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে বহন করা হয়েছে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মরদেহ আনার দায়িত্ব পালন করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে ফ্রিজার ভ্যানটি দক্ষিণ প্লাজার কাছে পৌঁছায়। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে যাত্রা শুরু করে মরদেহ বহনকারী ভ্যানটি।
সকালে ৮টা ৫৪ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে আনা হয়। শুরুতে পরিকল্পনা ছিল তাকে দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে, তবে পরে গাড়িটি তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত স্বজন ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান।
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজার আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। জানাজার পর তিনি চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি আজ ঢাকায় আসছেন।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।





