রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে তার ছেলের বাসভবনে। সকাল ৮টা ৫৫ মিনিটে লাল-সবুজ পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে মরদেহ বের করা হয় এবং সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবনে পৌঁছে। সেখানে নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছে। এছাড়া ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরাও ঢাকায় পৌঁছেছেন। জানাজা ও দাফনকে ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান হিসেবে ইতিহাসে নথিভুক্ত।





