বিএনপি এখনও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতায় পৌঁছায়নি। দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এখনো ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
তবে একই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোনয়নপত্র গ্রহণ করেন।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলটি ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে প্রার্থী করে সবাইকে চমকে দিতে চায়। দলের একজন শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, পার্থকে বিএনপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। যদি তিনি রাজি হন, তবে ঢাকা-১৭ আসন তাঁকে দেওয়া হতে পারে। অন্যদিকে, রাজি না হলে পার্থকে ভোলা সদর আসন দেওয়ার কথা বিবেচনা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির অভ্যন্তরীণ আলোচনার ওপর নির্ভর করবে। আশা করা হচ্ছে, আজ বা আগামীকাল এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
অন্যদিকে, আন্দালিব রহমান পার্থ যুগান্তরকে জানিয়েছেন, বিএনপিতে যোগদানের বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি তার নিজের দল বিজেপির প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এ প্রসঙ্গে উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময়কাল আগামীকাল সোমবার। মনোনয়নপত্র যাচাইয়ের কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫ থেকে ৯ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তির তারিখ ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।





