শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়িবহর সংশ্লিষ্ট এলাকায় পৌঁছায়। নির্ধারিত সময় অনুযায়ী তিনি সেখানে উপস্থিত হন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, শহীদ ছাত্রনেতা ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উপস্থিত রয়েছেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নেন। স্লোগান ও বিভিন্ন শ্লোগানধ্বনিতে এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সোহেল রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে আজ ক্যাম্পাসে আসছেন। আমাদের নেতা যখন ক্যাম্পাসে আসেন, তখন তাকে স্বাগত জানানো ছাত্রদলের দায়িত্ব ও কর্তব্য। আমরা শান্তিপূর্ণভাবেই তাকে অভ্যর্থনা জানাবো।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা ইসরাফিল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত আমাদের জন্য আবেগঘন ও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। শহীদ হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্ররাজনীতির আত্মত্যাগের প্রতীক। তারেক রহমানের এই কবর জিয়ারত শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি চলমান গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতাকে তুলে ধরে।
অন্যদিকে, তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে সরে গেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কবর জিয়ারত কর্মসূচির প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় ছেড়ে ডান পাশের আজিজ সুপারমার্কেটের সামনে সাময়িকভাবে অবস্থান নিয়েছে।
ঘোষণায় আরও বলা হয়, দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে সারা দেশের জনগণকে শহীদ হাদি চত্বরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।





