শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা তারেক রহমানের

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে তারেক রহমান শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে তিনি তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ পর্যায়ের একাধিক নেতা তার সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে।

কবর জিয়ারত ও মোনাজাত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণসহ ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, শনিবার নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করবেন তারেক রহমান। গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য সাংবাদিকদের জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, শনিবার নির্বাচন কমিশনের কার্যালয় খোলা থাকবে এবং ওইদিনই তারেক রহমানের ভোটার নিবন্ধন, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে।

শেয়ার করুন