বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। কবরের সামনে তিনি ফাতেহা পাঠ করেন, কিছু সময় নীরবে অবস্থান করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ২৭ মিনিটে তারেক রহমানের গাড়িবহর চন্দ্রিমা উদ্যান এলাকায় প্রবেশ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় মহাসচিবসহ শীর্ষ নেতাদের সঙ্গে তারেক রহমান প্রথমে কবর জিয়ারত করেন। পরে তিনি পৃথকভাবে আবারও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের কেন্দ্রীয় নেতারা।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফেরার পর তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে গুলশানে অবস্থিত বাসভবনে গিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নেন।





