শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ তম বিচারপ্রতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৪) প্রজ্ঞাপনে বুধবার (২৪ ডিসেম্বর) এই নিয়োগের তথ্য প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন।

নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

জুবায়ের রহমান চৌধুরী ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর, এবং ড. সৈয়দ রেফাত আহমেদ ২৭ ডিসেম্বর ৬৭ বছর পূর্ণ হওয়ার কারণে অবসরে যাচ্ছেন।

ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ আগস্ট তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
linkedin sharing button
pinterest sharing button
print sharing button
শেয়ার করুন