জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির হত্যার পর দেশজুড়ে উত্তেজনার মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চলছে, সে বিষয়ে সতর্ক অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে হত্যাকারীদের হাতে দেশ তুলে না দেওয়ার দৃঢ় বার্তা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে ইনকিলাব মঞ্চ হুবুহু লিখেছে—
‘ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপণ্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না- এইটা আপনাদের বুঝতে হবে।’
‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন!’
‘এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নাই, উলটো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা।’
‘ওসমান হাদি তার এক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন, সেইসঙ্গে তাকে মোকাবিলা করার পথও বাতলে দিয়েছেন।’
‘আমাদের সামনে দীর্ঘ লড়াই, এটাকে কোনোভাবেই দুই-একদিনে হাসিল করা সম্ভব না। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন। সহিংসতা পরিহার করুন।’
এর প্রায় এক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে সংগঠনটি আরও কঠোর অবস্থানের কথা জানিয়ে হুবুহু লেখে—
‘খুনি যদি জাহান্নামেও থাকে, জাহান্নাম থেকে এনে আমাদের সামনে হাজির করতে হবে। আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা পরিহার পূর্বক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’





