রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত ভবন সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি সেখানে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। তবে পরিদর্শনকালে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে একদল বিক্ষোভকারী কাওরান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালালেও বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনা যায়নি। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে ভবনে হামলা চালায়। এতে কার্যালয়ের অধিকাংশ জানালার কাচ ভেঙে যায়। পরে রাত আনুমানিক ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ভবনের ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাব ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে রাস্তায় স্তূপ করে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।





