ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। তিনি জানান, দীর্ঘ চিকিৎসা প্রচেষ্টার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করবে বিমানটি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটের দিকে ফ্লাইটটির অবতরণের সম্ভাব্য সময় নির্ধারিত রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর শনিবার (২০ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে শরিফ ওসমান হাদি সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পরিচিত একটি নাম ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে।





