রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রিটার্নিং অফিসারদের কার্যালয়ে নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি হয়েছে। ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। এ অফিসগুলোতে গুরুত্বপূর্ণ নির্বাচনি নথি, মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচনকালীন সময়ে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিসে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং তিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জন্য অতিরিক্ত নিরাপত্তা চাওয়া হয়েছিল।

বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট রয়েছে। নির্বাচনকালীন সময়ে আরও একটি গাড়িসহ অতিরিক্ত এসকর্ট এবং চার কমিশনার ও সিনিয়র সচিবের বাসভবন ও অফিসের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দায়ের শেষ ১১ জানুয়ারি, নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, এবং নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

শেয়ার করুন