অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দালাল চক্র।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “শ্রমশক্তি রফতানির পুরো প্রক্রিয়াটি দালাল দ্বারা ঘেরা। প্রতিটি ধাপে দালালদের প্রতারণার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমশক্তি রফতানি খাতকে দালালমুক্ত না করলে এর উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে, কিন্তু আমাদের কাছে প্রচুর তরুণ শক্তি আছে। এটি সোনার চেয়েও দামী। সারা বিশ্বকে আমাদের এই তরুণ জনশক্তির কাছে আসতে হবে।”
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বক্তৃতা করেন।





