রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ রিপাবলিকান পার্টির শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দলটির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা—গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—আজ নানা ষড়যন্ত্রের মুখে পড়েছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে গণতন্ত্রকামী জনগণ ঐক্যবদ্ধ হলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নেতারা বলেন, স্বাধীনতার মূল আদর্শ থেকে সরে গিয়ে বারবার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থার অবক্ষয়, রাজনৈতিক সহিংসতা এবং মতপ্রকাশের স্বাধীনতার সংকট দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তারা অবিলম্বে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে বলেও নেতারা অঙ্গীকার করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার আব্দুল জলিল, কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল হোসেন, যুগ্ম মহাসচিব আবুল কালাম পলাশ, সাংগঠনিক সম্পাদক পীরজাদা মাও. এমদাদুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন