রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই ঐক্য ঘোষণা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

জুলাই ঐক্য ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ নামে একটি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা ও অন্যান্য খুনিদের দেশে ফেরত আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ ও সরকারি কর্মকর্তাদের চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে গড়ে ওঠা এই মোর্চা, জুলাই ঐক্য, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিচ্ছে।

কর্মসূচিটি আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ৩টায় রামপুরা ব্রিজ থেকে শুরু হবে। এতে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন স্তরের জনগণ, যার মধ্যে থাকবেন দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তা, ডাকসু ও জাকসুর নেতারা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতের প্রক্সিরা নতুনভাবে বাংলাদেশকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ওই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে যুক্ত সব খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ, স্বাধীনতার দাবিতে আন্দোলনরত জুলাইয়ের সদস্য শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ভারত আনন্দ উল্লাস করেছে। তবে জুলাই ঐক্য স্পষ্ট জানাচ্ছে, বাংলাদেশ ২.০-তে কোনো আধিপত্যবাদকে তারা মেনে নেবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং সংশ্লিষ্ট দপ্তরকে দায়ভার নিতে হবে। জুলাই ঐক্য আরও দাবি করেছে, ভারত ও তার প্রক্সিরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় বাধা সৃষ্টি করছে এবং দেশে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। তাই চব্বিশের ছাত্রজনতা আবারও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।

জুলাই ঐক্য দেশের সব পেশার ছাত্র ও যুবকদের প্রতি আহ্বান জানিয়েছে, আগামী বুধবার দুপুর ৩টায় রামপুরা ব্রিজে উপস্থিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে অংশ নিন।

(ইনকিলাব জিন্দাবাদ)

শেয়ার করুন