জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় তাকে বহন করা অ্যাম্বুলেন্স।
দুপুর ১টা ৪০ মিনিটে হাদি এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় এবং ১টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত দুইদিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত।
ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হবে। এছাড়া দেশের মানুষকে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।





