ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রবিবার (১৪ ডিসেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, চলমান তদন্তের অংশ হিসেবে ফয়সাল করিম মাসুদের ব্যক্তিগত সব ব্যাংক হিসাবের পাশাপাশি তার মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও সাময়িকভাবে অবরুদ্ধ করা হয়েছে। আর্থিক লেনদেন যাচাই এবং সম্ভাব্য অর্থের উৎস শনাক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফয়সাল করিম মাসুদের মালিকানাধীন ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সদস্য প্রতিষ্ঠান।
অভিযোগে শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও সম্ভাব্য আর্থিক যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা এখনও তার অবস্থাকে আশঙ্কামুক্ত হিসেবে দেখছেন না।





