ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। এটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্ত জানান। উপদেষ্টা বলেন, “ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন। তার জন্য দোয়া ও সহযোগিতার মাধ্যমে সে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।”
তিনি আরও জানান, আসামি ধরার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আশা প্রকাশ করেন, সবাই মিলে খুব দ্রুত সফল হওয়া যাবে।
আগামী নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ পদক্ষেপ নেবে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী। তিনি বলেন, “ফ্যাসিস্টদের গ্রেফতারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধুমাত্র সরকারি কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এবার যারা নির্বাচনে অংশ নেবেন, তাদেরও লাইসেন্স দেওয়া হবে। যারা অস্ত্র জমা রেখেছেন, সেটিও ফেরত দেওয়া হবে।”
হাদির নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা আরও জানান, “জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, এমন গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের জামিন পাওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেন, “আমরা গ্রেফতার করেছি। কিন্তু জামিন দেওয়ার ক্ষমতা আদালতের। আমরা চেষ্টা করছি, আইনের আওতায় আনা হবে।”





