দীর্ঘ জল্পনা ও আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এ ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের নির্বাচন প্রক্রিয়া শুরু হলো। দেশব্যাপী রাজনৈতিক দল, ভোটার ও সাধারণ জনগণ এবার সরাসরি নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের নির্দিষ্ট দিন ঘোষণা করছেন। এই তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংসদীয় নির্বাচন আয়োজনের সাংবিধানিক প্রক্রিয়া কার্যকর হলো।
সিইসি তার ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণের দিন ঘোষণা করেছেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন হিসেবে নির্ধারিত হয়েছে।





