সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ ডিসেম্বর মেট্রোরেলের যাত্রীসেবা বন্ধের ঘোষণা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীরা কোম্পানির চাকরির বিধি তৈরি ও প্রকাশ না হওয়ায় ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা আগামী শুক্রবার, ১২ ডিসেম্বর সকাল ৭টা থেকে সব যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। কর্মচারীদের অভিযোগ, ৯ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ তা পূরণ করেনি। ফলে পূর্বের আলটিমেটামের আলোকে তারা বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানিয়েছেন, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর ১২ বছর কেটে গেলেও ৯০০-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীর জন্য পৃথক চাকরির নিয়মাবলী এখনও চূড়ান্ত হয়নি।

তাদের বক্তব্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার পর যারা ওপেন রিক্রুটমেন্টে যোগ দিয়েছেন, তারা দিনরাত কাজ করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা পাচ্ছেন না।

কর্মচারীরা আরও জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ২০২৪ সালে উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে চাকরির বিধি চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। পরে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ কর্মচারীরা ধর্মঘট করলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে ২০ মার্চের মধ্যে বিধি চূড়ান্ত হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও কার্যকর হয়নি। ফলে ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে ক্ষোভ তীব্র আকার নিয়েছে।

শেয়ার করুন