মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা হবে নির্বাচনের তফসিল

আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং সেখানেই তফসিল ঘোষণা করা হবে।

জানা গেছে, আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ৮ ফেব্রুয়ারির কিছু পরে বা ১২ ফেব্রুয়ারির কিছু আগেও ভোট হতে পারে—অর্থাৎ সময়সূচি ওই সময়কার মাঝামাঝি হওয়ার সম্ভাবনা বেশি।

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচন ও সংবিধান সংশোধনসংক্রান্ত গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এতে পোলিং বুথের সংখ্যা এবং ভোটের সময় বাড়তে পারে বলে কমিশন জানায়।

ভোটের সময় বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ার কারণে সময় ব্যবস্থাপনায় অতিরিক্ত প্রস্তুতি প্রয়োজন। মক ভোটিং এবং মাঠের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত—সকালে আধা ঘণ্টা ও বিকেলে আধা ঘণ্টা যোগ করে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ বা স্টাম্পিং সেন্টার থাকবে। বুথ বাড়ানোর কারণে বাজেট সামান্য বাড়তে পারে।

এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তথ্য যুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে ইসি।

শেয়ার করুন