আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পূর্ণ কমিশন।
সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি। সবকিছু শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, আলোচনায় ভোটার তালিকার ধারাবাহিক হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন এবং নির্বাচনের দিন একসঙ্গে গণভোট আয়োজনের বিষয়টি আলোচিত হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাবসহ ইসির বিভিন্ন প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানানো হয়।
এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে কমিশনের প্রতিনিধি দলটি আবার নির্বাচন ভবনে ফেরেন। সেখানে সিইসির সভাপতিত্বে কমিশনারদের বৈঠক বসছে। এরপরই নির্ধারিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময়।
নির্বাচনের তফসিল ঘোষণার উদ্দেশ্যে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আজ বিকেল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ভাষণ রেকর্ডিং এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক একই দিনে হলে সাধারণত সেদিনই তফসিল প্রকাশ করা হয়।





